গাজায় ইসরাইলি হামলায় আরেক ইউএনআরডব্লিউএর কর্মী নিহত, সুরক্ষার আহ্বান জাতিসংঘের

গাজায় ইসরাইলি হামলায় আরেক ইউএনআরডব্লিউএর কর্মী নিহত, সুরক্ষার আহ্বান জাতিসংঘের
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সংস্থাটির আরো তিন কর্মী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার গাজার জাবালিয়া এলাকায় একটি পানির কূপে দায়িত্ব পালন করার সময় তারা হামলার শিকার হন। এ ঘটনার পর মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের সব সময় সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিউএ জানায়, নিহত কর্মীর নাম আদেল আল-হেলো। সংস্থাটির মহাসচিব ক্রিস্টোফার সন্ডার্স তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহত তিন কর্মীর বিষয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি।

ইউএনআরডব্লিউএ জানায়, হামলার শিকার কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। তারা একটি পানির কূপে কাজ করছিলেন এবং স্থানীয় জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ সেবা দিচ্ছিলেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউএনআরডব্লিউএর ৩৯৭ জন কর্মী এবং সংস্থাটির কার্যক্রমে সহায়তাকারী ব্যক্তি নিহত হয়েছেন।

ইউএনআরডব্লিউএ বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে গাজাই জাতিসংঘের মানবিক সহায়তাকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থানে পরিণত হয়েছে।

মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে সংস্থাটি বলেছে, তাদের দায়িত্ব পালনের সময় সব পরিস্থিতিতে সুরক্ষা দিতে হবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...