নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়। এর কম্পন অনুভূত হয়েছে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায়। ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমের মাঙ্গান থেকে ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের অবস্থান ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। প্রতিবেশী ভুটানেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের সময় উঁচু ভবন, বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি কেঁপে ওঠে। বিদ্যুতের ওপরের তারগুলোও দুলতে থাকে। আতঙ্কিত বাসিন্দারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাস্তায় বেরিয়ে আসেন। সকালে হাঁটতে ও শরীরচর্চা করতে বের হওয়া মানুষও আকস্মিক কম্পনে চমকে যান।
দুয়ার্স অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ছিল। ভূমিকম্পের কম্পনে সেখানকার কয়েকটি প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।
ভূমিকম্পে হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে গত সপ্তাহে ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। বুধবার সকাল ১০টা ২১ মিনিটে ওই ভূমিকম্প হয় বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চামোলি জেলার জ্যোতির্মঠের কাছে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। জেলার অধিকাংশ এলাকায় কম্পন অনুভূত হলেও তখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


