দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও বৃষ্টির অভাবে জার্মানির নদীগুলোর পানির স্তর ক্রমেই কমছে। দেশটির অনেক নদীতে নতুন নতুন রেকর্ড সর্বনিম্ন পানির স্তর দেখা যাচ্ছে বলে বুধবার জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডি।
দেশটির বিভিন্ন অঞ্চলের নদীতে পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে গেছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও নতুন রেকর্ড তৈরি হচ্ছে।
ফেডারেল ওয়াটারওয়েজ অ্যান্ড শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেইনজ ও কোবলেঞ্জ শহরের মধ্যবর্তী রাইন নদীর কাওব গেজ এলাকায় পানির স্তর নেমে এসেছে মাত্র ২৪ সেন্টিমিটারে। এটি ২০১৮ সালের আগের রেকর্ডের চেয়ে ১ সেন্টিমিটার কম।
বুধবার সকালে কোলন ও ডুইসবুর্গ এলাকায় রাইন নদীর পানির স্তরও আগের সর্বনিম্ন রেকর্ডের নিচে নেমে যায়। ডুসেলডর্ফে ২০১৮ সালের রেকর্ড সর্বনিম্ন স্তরের সমান অবস্থানে পৌঁছেছে পানি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টিপাতের ঘাটতির কারণে আগামী দিনগুলোতে রাইন নদীর পানির স্তর আরও কমতে পারে।
পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবুর্গেও পরিস্থিতি গুরুতর। সেখানে এলবে নদীর পানির স্তর ম্যাগডেবুর্গ-স্ট্রমব্রুক গেজ এলাকায় আগের রেকর্ড সর্বনিম্ন ৪৫ সেন্টিমিটারে নেমে এসেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবারের মধ্যে এটি আরও কমে ৪০ সেন্টিমিটারে পৌঁছাতে পারে।
জার্মানির ফেডারেল ইনস্টিটিউট অব হাইড্রোলজি জানিয়েছে, চলতি বছর অস্বাভাবিকভাবে আগেভাগেই অনেক নদীর পানির স্তর ‘নিম্ন পানির সীমার’ নিচে নেমে গেছে।
এদিকে পানি চক্র ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ক্লাউস রেটশার পানি ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
তিনি এআরডিকে বলেন, ‘অতীতে আমরা নিশ্চিত করতাম যাতে পানি যত দ্রুত সম্ভব সমুদ্রের দিকে চলে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় এখন আমাদের এই প্রবণতা উল্টানোর চেষ্টা করতে হবে।’
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


