অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত নেদারল্যান্ডসের মিশনের কয়েকজন কর্মীর কূটনৈতিক মর্যাদা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে ডাচ সরকার।
সোমবার দ্য হেগে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ডাচ কর্মীদের সাত দিনের মধ্যে ইসরাইল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে অধিকৃত পশ্চিম তীর ও গোলান মালভূমিতে অবৈধ ইসরাইলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাসহ ইসরাইলের বিরুদ্ধে কয়েকটি পদক্ষেপ নেয় নেদারল্যান্ডস। এরপরই ডাচ কূটনীতিকদের মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসরাইল।
ইসরাইলের এ পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেন বেরেন্ডসেন। তিনি বলেন, ইসরাইলি রাষ্ট্রদূত জভি আভিনের ভাপ্নির কাছ থেকে সিদ্ধান্তটির বিস্তারিত এবং এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে ব্যাখ্যা চান তিনি।
মঙ্গলবার ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে রাষ্ট্রদূতের এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।
এনওএস জানিয়েছে, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত মে মাসেও তাকে তলব করেছিল নেদারল্যান্ডস।
সে সময় গাজামুখী একটি ত্রাণবহর ইসরাইল আটকে দেওয়ার পর বহরে থাকা কর্মীদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ করা হয়েছে বলে অভিযোগ করেছিল নেদারল্যান্ডস। সেই ঘটনার ব্যাখ্যা চাইতেই রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-b02567-720x405.webp)