ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার এক বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো জানান, দক্ষিণ কিয়েভের হোলোসিভস্কি জেলায় বসবাসকারী ওই ব্যক্তি প্রথমে রাস্তায় মানুষকে লক্ষ্য করে গুলি চালায়। পরে কাছের একটি সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে জিম্মি করে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাস্তায় চারজন নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৩০ বছর বয়সী এক নারী মারা যান। এছাড়া হামলাকারী একজন জিম্মিকেও হত্যা করে।
ক্লিমেনকো জানান, পুলিশ প্রায় ৪০ মিনিট ধরে হামলাকারীর সঙ্গে আলোচনার চেষ্টা করে। তিনি বলেন, সে অস্থির আচরণ করছিল। আহতদের চিকিৎসার সুযোগ দিতে নানা প্রস্তাব দেওয়া হলেও হামলাকারী কোনো সাড়া দেয়নি।
তিনি আরো বলেন, ‘আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি, কারণ ভেতরে একজন আহত ব্যক্তি ছিল। কিন্তু সে কোনো দাবি জানায়নি এবং সাড়া দেয়নি। পরে একজন জিম্মিকে হত্যা করলে তাকে নিস্ক্রিয় করার নির্দেশ দেওয়া হয়।’
পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে সুপারমার্কেটের ভেতরেই হামলাকারী নিহত হয়।
হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও জানা যায়নি। ঘটনায় আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

