ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ১৪

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ১৪

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। রোববার ইউক্রেনের হামলায় রাশিয়ায় অন্তত ৯ জন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

প্রায় সাড়ে চার বছর ধরে চলমান যুদ্ধে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই একে অপরের ওপর হামলার পরিধি ও তীব্রতা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পেছনে রাশিয়ার দূরপাল্লার, প্রতিহত করা কঠিন ক্ষেপণাস্ত্রের ব্যবহার বৃদ্ধি অন্যতম কারণ।

অন্যদিকে, রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে ইউক্রেনও জ্বালানি স্থাপনা ও খুচরা পণ্যের গুদামসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় চারজন নিহত হন। নিহতদের মধ্যে একটি খেলার মাঠের কাছে আহত হওয়া ১৩ বছর বয়সি এক কিশোরীও রয়েছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানান, চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও গুরুতর আহত কিশোরীকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ছাড়া কাজাখস্তান সীমান্তবর্তী সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুজন নিহত হন। একই দিনে ইউক্রেনের আরেকটি ড্রোন হামলায় রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলে একটি গাড়িতে আঘাত হানলে তিনজন নিহত হন। অঞ্চলটি যুদ্ধের সম্মুখসার থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। ভারপ্রাপ্ত গভর্নর ওলগা আব্রামোভা এ ঘটনাকে ‘অর্থহীন ও নৃশংস’ বলে মন্তব্য করেন এবং বলেন, নিহতরা কোনোভাবেই সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় দুজন নিহত হন। এছাড়া দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে পৃথক হামলায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এছাড়া উত্তরাঞ্চলের খারকিভ অঞ্চলে রাশিয়ার একটি হামলায় একটি ডাক পরিবহন টার্মিনাল ধ্বংস হয়ে যায়। এতে দেশটির ডাক ও পার্সেল সেবা প্রতিষ্ঠান নোভা পোশতার একজন কর্মী নিহত হন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া আলোচনা কার্যত গত ফেব্রুয়ারি থেকে স্থবির হয়ে রয়েছে। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর কূটনৈতিক তৎপরতা শ্লথ হয়ে পড়ে।

যুদ্ধরত দুই পক্ষই দাবি করে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন