মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার মনিটরিংয়ের জন্য একটি কমিটি করেছে সরকার। ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ নামে এই কমিটির কাছে শিক্ষক-কর্মচারীদের সরকারি বিরোধী, নেতিবাচক ও আপত্তিকর পোস্টগুলো পাঠাতে হবে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এই চিঠির অনুলিপি মাউশির সব পরিচালক, আঞ্চলিক পরিচালক ও অধ্যক্ষের কাছে পাঠানো হবে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মাউশির মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর টিপু সুলতান।
চিঠিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশিকা ও সরকারি আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করা আবশ্যক। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশিকা যথাযথভাবে প্রতিপালন করছেন কিনা তা পরিবীক্ষণের লক্ষ্যে নিম্নস্বাক্ষরকারীকে আহ্বায়ক করে অধিদপ্তর কর্তৃক একটি 'সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং কমিটি' গঠন করা হয়েছে।
এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের কোনো সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশিকা পরিপন্থি, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য, নেতিবাচক কিংবা দাপ্তরিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে-এমন কোনো স্ট্যাটাস, মন্তব্য, ছবি, ভিডিও, পোস্ট বা অন্য কোনো কনটেন্ট প্রকাশ কিংবা প্রচারের বিষয় নজরে এলে, তা যথাযথভাবে সংরক্ষণপূর্বক অগ্রাধিকার ভিত্তিতে মনিটরিং কমিটির আহ্বায়ককে ই-মেইল (director.mew@gmail.com)-এর মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


