ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে এক তরুণীকে যৌন নিপীড়নের দায়ে হানিফ শেখ নামের এক ভণ্ড কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামিমা পারভিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। পলাতক ওই কবিরাজ জেলার বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া গ্রামের মো. লাল মিঞা শেখের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আসামি হানিফ শেখ দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের মাধ্যমে অপচিকিৎসা ও নারী নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ২০২৫ সালের ২২ মার্চ ভুক্তভোগী ওই নারী তার ছোট বোনকে নিয়ে আসামির বাড়িতে চিকিৎসা নিতে যান। এ সময় আসামি চিকিৎসা দেওয়ার কথা বলে তাকে একটি টিনের ঘরে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন চালান। ভুক্তভোগী প্রতিবাদ করলে আসামি তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন এবং ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করেন।
এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ‘দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানির পর রাষ্ট্রপক্ষ অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই রায়ের মাধ্যমে সমাজে অপচিকিৎসা ও ভণ্ডামির বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছাবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

