স্বল্পমূল্যের ড্রোন থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তির পথে হাঁটছে যুক্তরাজ্য ও ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির লন্ডন সফরের আগে মঙ্গলবার এ ঘোষণা দেয় ডাউনিং স্ট্রিট।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, এই চুক্তির লক্ষ্য হলো স্বল্পমূল্যের কিন্তু উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম—বিশেষ করে ড্রোন—বিস্তারের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা।
চুক্তির আওতায় রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অর্জিত অভিজ্ঞতা এবং যুক্তরাজ্যের শিল্প সক্ষমতাকে একত্রে কাজে লাগানো হবে। এর মাধ্যমে ড্রোন ও অন্যান্য উদ্ভাবনী প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং দ্রুত যুদ্ধক্ষেত্র উদ্ভাবন এখন জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এই গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে ইউক্রেনকে রাশিয়ার চলমান হামলার বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা বাড়াতে সহায়তা করা হবে এবং একই সঙ্গে ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় যুক্তরাজ্য ও তার মিত্রদের প্রস্তুত করা হবে।
চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে একটি ‘এআই সেন্টার অব এক্সেলেন্স’ গঠনে প্রায় ৫ লাখ পাউন্ড (প্রায় ৬ লাখ ৭০ হাজার ডলার) সহায়তা দেওয়া হবে।
এদিকে, জেলেনস্কির এই সফর এমন সময়ে হচ্ছে যখন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ববাসীর মনোযোগ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থেকে সরিয়ে নিতে পারে। যদিও এ পরিস্থিতির মধ্যেও ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা কিয়েভকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

