হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাহাজ চলাচলবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে প্রতিদিন গড়ে মাত্র ১০টি পণ্যবাহী জাহাজ এই জলপথ অতিক্রম করেছে।

শনিবার মাত্র দুটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। রোববার এ সংখ্যা বেড়ে ছয়টিতে দাঁড়ায়। এসব জাহাজের বেশির ভাগই ইরান নিয়ন্ত্রিত রুট ব্যবহার করে।

বিজ্ঞাপন

কেপলারের তথ্য অনুযায়ী, রোববার বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি) এবং তিনটি বাল্ক ক্যারিয়ার হরমুজ প্রণালিতে প্রবেশ করে। তবে বুধবারের পর থেকে কোনো ভিএলসিসি প্রণালি দিয়ে বের হয়নি।

এদিকে, এলএসইজির তথ্য বলছে, সৌদি আরবের একটি বন্দর থেকে পরিশোধিত জ্বালানি বহনকারী একটি ট্যাংকার রোববার পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি হয়ে বের হওয়ার চেষ্টা করলেও পরে আবার ফিরে যায়। রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের ট্যাংকারে হামলার ঘটনায় সমুদ্রপথে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে এই ধীরগতি দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সির (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত ৬ জুলাই থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশে চলাচলকারী জাহাজে ক্ষয়ক্ষতি ঘটিয়েছে—এমন ২৭টি প্রক্ষেপণাস্ত্র বা গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন