ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার এক বিবৃতিতে পুতিন ওই শোক জানিয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন খামেনির এই মৃত্যুকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
পুতিন আরো বলেছেন, ‘আমাদের দেশে আয়াতুল্লাহ খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে, যিনি রাশিয়া ও ইরানের সম্পর্ক উন্নয়নে অসাধারণ ব্যক্তিগত অবদান রেখেছেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

