যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে কাতার ও যুক্তরাজ্য। একই সঙ্গে কাতারের রাজধানী দোহায় ইরানের হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর আলজাজিরার।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক বৈঠকে স্টারমার কাতারের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন। কাতারের আমিরি দিওয়ানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দুই নেতা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, এটি চলমান উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরো জোর দিয়ে বলেন, একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করা প্রয়োজন। এ ধরনের চুক্তি এমন হতে হবে, যা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং হরমুজ প্রণালীর মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে সহায়তা করবে।
বিবৃতিতে আরো বলা হয়, এই উদ্যোগ আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

