ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু, দুই শতাধিক হাসপাতালে

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু, দুই শতাধিক হাসপাতালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শতাধিক মানুষ। তাদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার রাজ্যের চন্দেল জেলার চাকপিকারং এলাকায় এ ঘটনা ঘটে। অবৈধভাবে তৈরি বিষাক্ত মদ পান করার পর ৪৮ ঘণ্টার মধ্যে একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। প্রথম দিকে অসুস্থদের মধ্যে ১৪০ জনকে লামফেলপাত এলাকার শিজা হাসপাতালে এবং ৪১ জনকে সাজিওয়া এলাকার বাবিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দুই শতাধিক হয়।

পরিস্থিতি মোকাবিলায় চন্দেল জেলায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধসহ একটি মেডিকেল দল পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং।

এদিকে বিষাক্ত মদপানে মৃত্যুর প্রকৃত কারণ এখনো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চন্দেল জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ভুক্তভোগীরা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে ওই মদ সংগ্রহ করেছিলেন। তবে চন্দেল জেলায় এসব মদ তৈরি বা উৎপাদনের কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর জনসাধারণকে সতর্ক করে স্থানীয়ভাবে তৈরি মদ কিংবা সন্দেহজনক উৎসের মদ পান না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এমনকি সন্দেহজনক উৎসের মদ পান করেছেন, কিন্তু এখনো কোনো উপসর্গ দেখা দেয়নি—এমন ব্যক্তিদেরও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

পাশাপাশি অবৈধ ও ভেজাল মদ তৈরি, মজুত, বিক্রি কিংবা সরবরাহের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...