জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

জনপ্রশাসন এবং খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৭০) নামের এক বৃদ্ধা টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল আনুমানিক ৯টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট ইউনিয়নের গোপীনাথপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বধির ও বৃদ্ধা ফিরোজা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে জমির মধ্য পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী এবং তার সহধর্মিণী কিছুটা আহত হন বলে জানা গেছে।

নিহতের স্বজনেরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম (৭০) শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। এদিকে হাসপাতালে এসে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান এবং শিবগঞ্জ থানার ওসি মো. শাহিনুজ্জামান শাহিন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে ছিল। তার পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন। তাদের কোনো অভিযোগ না থাকায় নিহত বৃদ্ধার মরদেহ বুঝে নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন