ভারত ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর সাবেক প্রধান এএস দুলাত। এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
দুলাত বলেন, ভারতের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে পাকিস্তান একসময় অভ্যন্তরীণ সংকটে ভেঙে পড়বে। তবে তার মতে, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এবং পাকিস্তানকে দুর্বল করার সেই কৌশল সফল হয়নি।
তিনি দাবি করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে ভারত নানা ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালালেও কাঙ্ক্ষিত ফল পায়নি। বরং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিতে ভারত নিজেই অনেক ক্ষেত্রে চাপের মুখে পড়ছে।
পাকিস্তানের সামরিক নেতৃত্বের প্রসঙ্গ টেনে সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে বৈশ্বিক অঙ্গনে বাড়তি গুরুত্ব ও স্বীকৃতি পাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে আসিম মুনিরের প্রশংসা করেছেন।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সক্রিয় ভূমিকা দেশটির কূটনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তান এখন একটি দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কাশ্মীর ইস্যু নিয়ে দুলাত বলেন, অঞ্চলটিতে চলমান অস্থিরতার মূল কারণ হলো স্থানীয় জনগণের মধ্যে বাড়তে থাকা হতাশা, অনিশ্চয়তা ও বঞ্চনার অনুভূতি।
ভারত-পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ প্রায় স্থবির হয়ে পড়েছে। সীমান্ত উত্তেজনা ও সামরিক সংঘর্ষ পরিস্থিতিকে আরো জটিল করেছে।
২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে টানা ৮৭ ঘণ্টার সংঘাতের কথাও উঠে আসে তার বক্তব্যে। ওই সংঘাতে পাকিস্তান ভারতের একাধিক যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দুলাতের মতে, ওই সংঘাতের পর পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রাষ্ট্র হিসেবে আরো দৃশ্যমান হয়ে উঠেছে, বিশেষ করে আন্তর্জাতিক মধ্যস্থতায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইরানের নতুন অস্ত্র হরমুজের তলদেশে ইন্টারনেট ক্যাবল