জনপ্রিয় হচ্ছে ‘নাতি-নাতনি ভাড়া’ নেওয়ার ব্যবসা

জনপ্রিয় হচ্ছে ‘নাতি-নাতনি ভাড়া’ নেওয়ার ব্যবসা
ভাড় করা নাতি ও বান্ধবীর সঙ্গে এক বৃদ্ধা। ছবি: আলজাজিরা

ভারতে একাকী ও বয়স্ক মানুষের সঙ্গী হিসেবে কাজ করছেন তরুণ-তরুণীরা। তাদের কেউ পরিচিত ‘ভাড়ায় নাতি-নাতনি’, কেউ ‘ভাড়ায় সন্তান’ হিসেবে। বয়োজ্যেষ্ঠদের দেখাশোনা ও সেবাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন শহরে এখন এমন কিছু কোম্পানি গড়ে উঠছে—যে কাজ একসময় পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই করতেন। এই সেবার মধ্যে রয়েছে বয়োজ্যেষ্ঠদের মন্দিরে নিয়ে যাওয়া, হাসপাতালে যাওয়ার সময় তাদের পাশে থাকা, তাস খেলা কিংবা কেবল তাদের কথা শোনা।

ভারতের রাজধানীর উপকণ্ঠে অবস্থিত ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুরুগ্রামের বাসিন্দা এস বুধিরাজার দুই মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তাই তিনি ও তার স্ত্রী বাইরে গেলে তাদের সঙ্গে থাকেন ২৬ বছর বয়সী রনি রাজু। তিনি তাদের ‘ভাড়ায় পাওয়া নাতি’।

বিজ্ঞাপন

গত কয়েক মাস ধরে তাদের দেখাশোনা করছেন রাজু। তার ভাষায়, বুধিরাজা এখন তার পরিবারেরই একজন। বুধিরাজাও বলেন, শুরু থেকেই রাজুর সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। অস্ত্রোপচারের সময় হাসপাতালে চিকিৎসক ও ওষুধের খোঁজখবর রাখাসহ নানা দায়িত্ব পালন করেছেন রাজু। কাজের সময় শেষ হওয়ার পরও তাদের খোঁজ নেন তিনি।

ভারতে প্রবীণ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশটির মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশ ছিলেন ৬০ বছর বা তার বেশি বয়সি। ২০৫০ সালে এ হার বেড়ে ২১ শতাংশে পৌঁছাতে পারে। তখন প্রবীণ মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় ৩৪ কোটি ৭০ লাখে।

এ পরিস্থিতিতে প্রবীণদের সেবাকে সম্ভাবনাময় ব্যবসা হিসেবে দেখছে বিভিন্ন স্টার্টআপ। ভারত সরকারের হিসাব অনুযায়ী, দেশটির প্রবীণ সেবা খাতের বাজার প্রায় ৭০০ কোটি ডলারের।

গুরুগ্রামে একটি প্রতিষ্ঠানের কর্মী রাজু মাস্টার্স করেছেন সমাজকর্ম বিষয়ে। তার প্রতিষ্ঠানের উদ্যোক্তা গৌরব মিত্তাল জানান, প্রতি মাসে ১০ ঘণ্টা সেবার জন্য ঘণ্টাপ্রতি ৪৫০ রুপি এবং ২৫ ঘণ্টার জন্য ৪০০ রুপি নেওয়া হয়। অব্যবহৃত সময় পরের মাসে যোগ হয়।

গৌরব জানান, বাবার মৃত্যুর পর তার মাকে নিজের কাছে নিয়ে আসতে হয়েছিল। সামাজিক ও আর্থিকভাবে স্বাবলম্বী হলেও বাইরে যাতায়াতের জন্য মাকে পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হতো। সেখান থেকেই এ ধরনের সেবা চালুর চিন্তা আসে তার।

ভাড়া করা নাতি নিয়ে মন্দিরে এক বৃদ্ধা। ছবি: আলজাজিরা
ভাড়া করা নাতি নিয়ে মন্দিরে এক বৃদ্ধা। ছবি: আলজাজিরা

এ ধরনের উদ্যোগ অবশ্য ভারতে নতুন নয়। ২০১৭ সালের এক প্রতিবেদনে প্রবীণদের সঙ্গ দেওয়ার কাজে নিয়োজিত অন্তত পাঁচটি স্টার্টআপের কথা উল্লেখ করা হয়েছিল। ২০২২ সালে প্রয়াত শিল্পপতি রতন টাটাও মুম্বাইভিত্তিক একটি স্টার্টআপের প্রচারে যুক্ত হয়েছিলেন, যার স্লোগান ছিল—‘নাতি-নাতনিরা যা করে, সবই!’

এসব প্রতিষ্ঠানে কাজ শুরুর আগে কর্মীদের পুলিশি যাচাই করা হয়। পাশাপাশি অভিজ্ঞ কর্মীদের সঙ্গে থেকে প্রশিক্ষণ নিতে হয় তাদের। বেশির ভাগ কর্মীর শিক্ষাগত যোগ্যতা মনোবিজ্ঞান, সমাজকর্ম কিংবা আতিথেয়তা বিষয়ে।

প্রবীণদের একাকীত্ব

ভারতের ২০২২ সালের লংজিটিউডিনাল এজিং স্টাডিতে ৭২ হাজারের বেশি মানুষের ওপর জরিপ চালানো হয়। এতে দেখা যায়, মধ্যবয়সি ও প্রবীণদের ২০ দশমিক ৫ শতাংশ মাঝারি মাত্রার একাকিত্বে ভুগছেন। তীব্র একাকিত্বে ভুগছেন ১৩ দশমিক ৩ শতাংশ। একা বসবাসকারী ৬০ বছরের বেশি বয়সিদের মধ্যে এ হার ৩৭ শতাংশ।

হায়দরাবাদভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রধান প্রশান্ত রেড্ডি বলেন, প্রবীণদের সঙ্গ দেওয়ার পাশাপাশি তাদের ব্যক্তিগত পরিসর ও সীমারেখার বিষয়টি কর্মীদের বুঝতে হয়। তারা চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের বিকল্প নন।

বেঙ্গালুরুভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রধান সন্তোষ আব্রাহামের মতে, প্রবীণদের পরিবারের সদস্যরা সাধারণত চিকিৎসা বা দৈনন্দিন কাজ নিয়ে উদ্বিগ্ন থাকলেও প্রবীণদের সবচেয়ে বড় প্রয়োজন সঙ্গ। অনেক সময় অসুস্থতার কথা বলে তারা কর্মী ডেকে আনেন। পরে দেখা যায়, কোনো শারীরিক সমস্যা নেই; তারা আসলে কারও সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চান।

তার ভাষায়, প্রবীণদের সবচেয়ে বড় অভিযোগ—‘আমি একা, কথা বলার কেউ নেই।’ অনেকের কাছে অপরিচিত একজনের সঙ্গে মনের কথা বলা সহজ। কারণ, সেখানে পারিবারিক সম্পর্কের কোনো জটিলতা থাকে না।

হায়দরাবাদের কর্মী বিনয় কুমার জানান, প্রবীণদের কেউ তাস খেলতে চান, কেউ সিনেমা দেখতে বা মন্দিরে যেতে চান। আবার কেউ স্থানীয় অনুষ্ঠান কিংবা পার্কে ঘুরতে যেতে চান। তাদের প্রয়োজন বুঝে সঙ্গ দেওয়াই এ কাজের মূল উদ্দেশ্য।

একবার এক প্রবীণ ব্যক্তি ভাষাগত সমস্যার কারণে প্রথমে বিনয় কুমারকে ঘরে ঢুকতে দেননি। পরে তার গাড়ি চালানোর প্রশিক্ষণের খরচ দেন এবং পরিচিতদের কাছে তাকে ‘ঈশ্বরের দেওয়া ছেলে’ বলে পরিচয় করিয়ে দেন। ওই ব্যক্তি ২০২৩ সালে মারা গেলে তার ছেলে বিনয় কুমারকে বাবার শেষকৃত্যেও পাশে থাকতে বলেন।

বিনয় কুমারের ভাষায়, তিনি প্রবীণদের নিজের বাবা-মা ও দাদা-দাদি-নানা-নানির মতোই মনে করেন।

সহায়ক সেবা পরিবারের বিকল্প নয়

তবে এ ধরনের সেবার ক্ষেত্রে দায়িত্ব ও সীমারেখা বজায় রাখার ওপর জোর দিচ্ছেন উদ্যোক্তারা। আব্রাহাম প্রশিক্ষণার্থীদের একটি নিয়ম শেখান—‘কম কথা বলুন, বেশি শুনুন।’

প্রবীণদের সঙ্গী ভাড়া করার বিষয়টি পরিবারের ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয় বলে মনে করেন জিন্দাল ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক শিল্পা বন্দ্যোপাধ্যায়। তার মতে, খাবার, বাসস্থান, চিকিৎসা ও শারীরিক সহায়তার পাশাপাশি প্রবীণদের মানসিক সঙ্গের প্রয়োজনকেও স্বীকৃতি দিতে হবে।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সফটওয়্যার পেশাজীবী বিনয় কে পাঁচ বছর ধরে তার মায়ের জন্য একজন সঙ্গী নিয়োগ করেছেন। তার মতে, অর্থের বিনিময়ে সেবা নেওয়ায় প্রতিবেশী বা আত্মীয়ের কাছে সাহায্য চাইতে হয় না। এতে একধরনের অস্বস্তিও এড়ানো যায়।

শিল্পার মতে, প্রবীণদের ভালো রাখার জন্য পরিবার, সামাজিক যোগাযোগ, সহজলভ্য জনপরিসর এবং সাশ্রয়ী পেশাদার সেবার সমন্বয় প্রয়োজন। পরিবারের প্রচলিত কাঠামোকে অতিরিক্ত আদর্শায়িত করা কিংবা নতুন ধরনের সেবাকে অবজ্ঞা করা—কোনোটিই ঠিক নয়।

তার ভাষায়, মূল প্রশ্ন হলো—একজন প্রবীণ কার সঙ্গে থাকছেন, সেটি নয়; বরং তিনি নিজেকে সম্মানিত, নিরাপদ ও মূল্যবান মনে করছেন কি না এবং অন্যদের সঙ্গে অর্থবহ সম্পর্ক বজায় রাখতে পারছেন কি না।

গুরুগ্রামের বুধিরাজার কাছে রাজু এখন শুধু একজন কর্মী নন, পরিবারের সদস্যের মতো। রাজু কোনো দিন কাজে না এলে কী করবেন—এমন প্রশ্নে বুধিরাজা বলেন, কেন আসতে পারেননি, তা জেনে তাকে আসার ব্যবস্থা করবেন। তার কথায়, ‘তাকে আমার প্রয়োজন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনও বাড়ে।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন