ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তিন দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর আপাতত শান্ত রয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চল। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি শেষে রোববার সকাল থেকে কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকরা।
অধিকাংশ কারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এলেও শ্রমিক অসন্তোষ ও নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশ। এর আগে ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় উস্কানির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে দুটি মামলা করা হয় ফতুল্লা মডেল থানায়।
রোববার সকাল থেকে সরেজমিনে ফতুল্লার বিসিক শিল্পনগরী, শিবু মার্কেট, কাঠেরপুল, রামারবাগ ও নয়ামাটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল ও অবস্থান নিতে দেখা গেছে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। তবে কোথাও শ্রমিকদের বিক্ষোভ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিসিক শিল্পনগরীর চা দোকানি আব্দুর রহমান বলেন, ‘শ্রমিকরা রোববার থেকে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত তারা শান্ত রয়েছেন। পুলিশ ও বিজিবির টহল চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
এদিকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি পোশাকশিল্পের সক্ষমতা ও ভবিষ্যৎ নিয়েও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
তিনি বলেন, ‘আমরা চাই শ্রমিকরা ভালো থাকুক। এ জন্য সরকারকে অনুরোধ করব, ন্যায্যতার ভিত্তিতে শ্রমিকদের বেতন বাড়াতে। একই সঙ্গে গার্মেন্টস খাত যেন টিকে থাকতে পারে, সেদিকেও দৃষ্টি দিতে হবে। কারণ, একজন নতুন শ্রমিক কাজে যোগ দেওয়ার ছয় মাস থেকে এক বছরের মধ্যে নিজের যোগ্যতা ও দক্ষতায় অপারেটর হয়ে ওঠেন। তখন তাঁর বেতনও বেড়ে যায়। তাই শ্রমিকদের স্বার্থের পাশাপাশি শিল্পকারখানার সক্ষমতাসহ সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সাধারণ শ্রমিকদের প্রতি পুলিশের সহানুভূতি রয়েছে। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন সাধারণ শ্রমিকদের পক্ষে রয়েছে। তবে যারা উসকানি দিচ্ছেন, কুচক্রী মহল হিসেবে পেছনে থেকে কলকাঠি নাড়ছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা টানা তিন দিন বিক্ষোভ করেন। আন্দোলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে, অর্থাৎ ৩ ও ৪ নভেম্বর পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের ৯ সদস্যসহ মোট ১২ পুলিশ সদস্য আহত হন।
এসব ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলা করেছে। প্রথম মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও এক হাজার থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে দুই মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ জনকে।
মামলা দুটির এজাহারে শ্রমিক আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছে পুলিশ। এজাহারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তিন দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর শ্রমিকরা কাজে ফিরলেও মজুরি বৃদ্ধির দাবি, শ্রমিকদের অসন্তোষ এবং পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ফলে শিল্পাঞ্চলে আপাত শান্ত পরিবেশ বজায় থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

