‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষের অভিভাবক’ সরকারের এমন একটি অভিনব এবং ব্যতিক্রমী উদ্যোগ দেখে মুগ্ধ হচ্ছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।নতুন সরকারের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে বরিশালের গৌরনদীতে শুরু হয়েছে এ ব্যতিক্রমী উদ্যোগ।
‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ, একজন বৃক্ষের অভিভাবক’ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দেওয়ার পাশাপাশি প্রতিটি চারার অভিভাবকত্বের দায়িত্ব তাদের হাতে অর্পণ করা হচ্ছে। এভাবে পরিবেশ সচেতন ও বৃক্ষবান্ধব একটি প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় কর্মসূচির তৃতীয় পর্যায়ে বৃহস্পতিবার পৌরনদী উপজেলার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব চারা সরবরাহ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর হাতে ১৫ হাজার চারা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
এর আগে গত ৬ আগস্ট কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। তার উদ্বোধনের মধ্যদিয়ে গৌরনদীতে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ শিক্ষার্থীর মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তিনি তাদের নিজ নিজ বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব পালনে উৎসাহিত করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-3b6e99-720x405.webp)