চট্টগ্রামে প্রথম কর্মদিবসেই মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছেন নতুন সিভিল সার্জন সাজেদুর রহমান। কুমিল্লা থেকে চট্টগ্রামে আসার পথে সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তার স্ত্রী ডা. লুবনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডা. সাজেদুর রহমান ও তার স্ত্রী একটি অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। গাড়িটি কুমিরা ইউটার্ন এলাকায় পৌঁছালে অলংকার থেকে সীতাকুণ্ডগামী ৮ নম্বর মিনিবাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের কাচ ভেঙে ডা. লুবনা আহত হন। পরে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রীকে হাসপাতালে রেখে নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্বে যোগ দেন সিভিল সার্জন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সোমবারই চট্টগ্রাম জেলা সিভিল সার্জন হিসেবে ডা. সাজেদুর রহমানের প্রথম কর্মদিবস ছিল। নতুন কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে কুমিরা রয়েল গেট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তার স্ত্রী আহত হন।
বারো আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জাকিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ৮ নম্বর মিনিবাসটি জব্দ করা হয়েছে। সিভিল সার্জন ভালো আছেন। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেলা বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়) মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হিউম্যান হলার-মিনিবাস সমিতির নাম ভাঙিয়ে রুট পারমিট ও চালকের লাইসেন্স ছাড়া অনেক লক্কড়-ঝক্কড় গাড়ি গায়ের জোরে চলছে। এসব গাড়ির বিরুদ্ধে সরকারের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হচ্ছে।
সীতাকুণ্ডের ইউএনও ফখরুল ইসলাম জানান, অলংকার থেকে সীতাকুণ্ড পর্যন্ত চলাচলকারী ৮ নম্বর গাড়িগুলোর বৈধ রুট পারমিট না থাকলে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

