আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জ্বালানি সংকটে ভারতে কি আবারও লকডাউন হবে

আমার দেশ অনলাইন

জ্বালানি সংকটে ভারতে কি আবারও লকডাউন হবে
প্রতীকী ছবি

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে ভারতে নতুন করে লকডাউন কার্যকর হতে পারে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। তবে ক্ষমতাসীন বিজেপি সরকার শুক্রবার লকডাউন কার্যকরের বিষয়টি নাকচ করে দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, এই ধরনের লকডাউনের কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই এবং এই সংবেদনশীল বৈশ্বিক সময়ে জনগণকে ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদে দেওয়া ভাষণের পর এই জল্পনা বেগ পায়। চলমান ইরান যুদ্ধ জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারকে প্রভাবিত করায় প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন মোদি। তবে কোনো লকডাউন বা জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেননি।

সরকারি কর্মকর্তারা এই আতঙ্ককে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছেন এবং সতর্ক করে বলেছেন, এই ধরনের মিথ্যা প্রচার অপ্রয়োজনীয় ভয় সৃষ্টি করতে পারে এবং দৈনন্দিন জীবন ব্যাহত করতে পারে।

পুরীর ভাষ্য, সরকার জ্বালানি ও শক্তি সরবরাহসহ বিভিন্ন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কিন্তু বর্তমান পদক্ষেপগুলো বিধিনিষেধের পরিবর্তে স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ‘আমরা উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

সম্প্রতি মধ্যপ্রাচ্যে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির আশপাশে সৃষ্ট উত্তেজনা বিশ্বব্যাপী অপরিশোধিত তেল এবং জ্বালানি বাজারের উপর চাপ সৃষ্টি করেছে। ফলে জ্বালানির ঘাটতি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক অনলাইন পোস্টে এই বিষয়গুলোকে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় ভারতের সম্মুখীন হওয়া লকডাউনের মতো একটি লকডাউনের ধারণার সাথে গুলিয়ে ফেলা হয়েছে। সূত্র: দ্য সানডে গার্ডিয়ান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন