প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদ লড়াই করেছেন। এ দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী লড়াইয়ের বিমূর্ত প্রতীক শহীদ আবরার ফাহাদকে নিয়ে আমরা গর্ব করি। বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, সেই লড়াইয়ে আমাদের চেতনার ও সাহসের জায়গায় ছিলেন শহীদ আবরার ফাহাদ।
শনিবার দুপুর ১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন আরো বলেন, আমি এতটুকু বলতে চাই, আজকে জামায়াতে ইসলামী কি প্রকৃতপক্ষে শহীদ আবরার ফাহাদের চেতনাকে ধারণ করে? যদি ধারণ করত, সে ক্ষেত্রে যারা আবরার ফাহাদকে হত্যা করল, সেই খুনিদের আইনজীবী কী করে শিশির মনির হন? তিনি তো জামায়াতের একজন বড় নেতা। যদি তারা প্রকৃতপক্ষে শহীদের বিচার চাইত, সে ক্ষেত্রে শিশির মনিরকে কোনোভাবেই জামায়াতে ইসলামী নমিনেশন দিত না।
এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা মুস্তাফিজুর রহমান সুমসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

