বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে দেশের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এসব খাত থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। বর্তমানে পাচারকারীরা বিদেশে বসে সেই অর্থ ভোগ করছে, আর বাংলাদেশের জনগণ জ্বালানি ও বিদ্যুৎ সংকটে ভুগছে।
মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আজ আমরা যে জ্বালানি সংকটের মধ্যে পড়েছি, এর জন্য স্বৈরাচার আওয়ামী লীগ দায়ী। বিগত অন্তর্বর্তী সরকারও বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো উন্নয়ন করতে পারেনি। আমরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার সময় থেকে গত ৪৮ বছর বিএনপি দেশের জন্য কাজ করে আসছে। দেশের মানুষ যখনই বিপদে পড়েছে কিংবা দেশ কোনো সংকটে পড়েছে, তখনই বিএনপি সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছে।
শামা ওবায়েদ বলেন, ‘যারা নতুন বাংলাদেশ ও নতুন ভবিষ্যতের কথা বলেন, তাদের মনে রাখতে হবে—বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে যেমন বিএনপি দেশের জন্য কাজ করছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে কেক কাটা, বেলুন উড়ানো এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ করেন শামা ওবায়েদ ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

