সাভারে বন্ধ রাস্তা জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ দত্তপাড়ায় এ কর্মসূচি পালিত হয়, যেখানে শতাধিক এলাকার মানুষ অংশ নেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ দত্তপাড়ায় পাওয়ার গ্রিডের পশ্চিম পাশের একটি রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা পায়ে হেঁটে চলাচল করতেন। সম্প্রতি স্থানীয় বাসিন্দা রুবেল আহমেদ ইটের দেওয়াল নির্মাণ করে সীমানাপ্রাচীর তৈরি করলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। এতে এলাকার শতাধিক পরিবারের মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে পড়ে।
এলাকাবাসী সম্মিলিতভাবে রুবেল আহমেদকে রাস্তা খুলে দেওয়ার অনুরোধ করলে তিনি শর্ত দেন, সংলগ্ন রাস্তাটি ইট দিয়ে তৈরি করে দিলে বন্ধ রাস্তা খুলে দেবেন। পরে এলাকাবাসী তার শর্ত অনুযায়ী মাটি ফেলে সংযোগ সড়ক উন্নয়ন করে ইট দিয়ে রাস্তাটি নির্মাণ করেন। তবে এরপরও রুবেল আহমেদ রাস্তা খুলে দিতে গড়িমসি করছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
এতে বাধ্য হয়ে এলাকার বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে সরু রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি জানিয়ে রাস্তা খুলে দেওয়ার দাবিতে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনাটি তদন্ত করেন। তদন্ত শেষে জনস্বার্থে রাস্তাটি খুলে দেওয়া যেতে পারে মর্মে প্রতিবেদন দাখিল করা হয় বলে জানা গেছে।
তবে প্রতিবেদন দাখিলের পরও রুবেল আহমেদ রাস্তা খুলে দিতে গড়িমসি করছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ বিষয়ে বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ অবস্থায় শনিবার রাস্তা খুলে দেওয়ার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কিছু সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা আবদুল মতিন, আরিফুর রহমান, কামাল হোসেন, দেলোয়ার হোসেন, রাসেল মিয়া, সোলেমান মিয়া, বাবুল মিয়াসহ অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

