ভারতের পশ্চিমবঙ্গে খুব শিগগিরই প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর জোরপূর্বক ধর্মান্তর রোধে কঠোর আইন করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার বাঁকুড়ায় এক বৈঠকে এসব কথা জানান শুভেন্দু।
এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জমি কেনাবেচায় নতুন আইনি বিধিনিষেধ আরোপের ইঙ্গিতও দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এক দেশ, এক আইন’, এই লক্ষ্য বাস্তবায়নে শিগগিরই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। এরপর ধর্মান্তর ও জমি লেনদেন নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হবে।
তবে জমি কেনাবেচা আইনে ঠিক কী ধরনের বিধিনিষেধ থাকবে, তা স্পষ্ট করেননি। ধর্মান্তর ও জমি নিয়ে তার বক্তব্য বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধিতে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির উত্তরাধিকার সূত্রে হস্তান্তর ও দত্তক গ্রহণের ক্ষেত্রে একটি অভিন্ন দেওয়ানি কাঠামো চালুর কথা বলা হয়েছে। এর ফলে এসব ক্ষেত্রে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনগুলোর পরিবর্তে একটি সাধারণ আইন কার্যকর হবে। তবে সংবিধানে যেসব শ্রেণির জন্য ছাড় বা বিশেষ সুরক্ষার ব্যবস্থা রয়েছে, সেগুলো বজায় থাকবে।
সূত্র: দ্য টেলিগ্রাফ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


