আটকের পর খোঁজ মিলছে না সিজেপি নেতাদের, বাড়ছে উদ্বেগ

আটকের পর খোঁজ মিলছে না সিজেপি নেতাদের, বাড়ছে উদ্বেগ

দিল্লিতে বিক্ষোভে অংশ নিতে যাওয়ার পথে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। আটকের পর থেকে তাদের কোথায় রাখা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে সিজেপি।

বিজ্ঞাপন

আটক নেতারা হলেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দুই নেতা সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কা। শনিবার দিল্লির বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, উড়োজাহাজ অবতরণের পরপরই ওই তিন নেতাকে আটক করা হয়। এরপর থেকে তাদের অবস্থান সম্পর্কে দলটির কাছে কোনো তথ্য নেই।

আটকের পর থেকে খোঁজ নেই

সিজেপির পোস্টে বলা হয়, তিন নেতার আটকের বিষয়ে তাদের পরিবারের সদস্যদেরও জানানো হয়নি। তাদের আলাদা আলাদা স্থানে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছে দলটি। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ নেই

আটক নেতাদের বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে সিজেপি। এমনকি তাদের আইনজীবীর সঙ্গেও যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে দলটি।

এ বিষয়ে দিল্লি পুলিশ এখনো কোনো বক্তব্য দেয়নি।

বিক্ষোভ ঘিরে উত্তেজনা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি।

তবে দিল্লি পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন স্থানে ব্যারিকেড স্থাপনের পাশাপাশি আন্দোলনে যোগ দিতে আসা কয়েকজনকে আটক করা হয়।

এ পরিস্থিতিতে সিজেপির তিন শীর্ষ নেতার অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ার অভিযোগ তুলে তাদের নিরাপত্তা ও আটকের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে দলটি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...