ঝিনাইদহ শহরের বাইপাস বাইপাস গ্যাসডিপো এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে জান্নাতুল ফেরদৌস তুলি (২৫) ও তার স্বামী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা সেনাসদস্য সোহেল কাজী (৩৫)। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে সোহেল কাজী শৈলকূপার বড়দাহ এলাকায় শশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পাশের রাস্তা থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে সংঘর্ষ এড়াতে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।
এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তুলি।
গুরুতর আহত হন সেনাসদস্য সোহেল কাজী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

