তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সমর্থন দিচ্ছে কংগ্রেস

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সমর্থন দিচ্ছে কংগ্রেস

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে ডিএমকে ও এআইএডিএমকের দ্বিমুখী আধিপত্য ভেঙে গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দলটিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কংগ্রেসের এমপি শশিকান্ত সেন্টিল জানিয়েছেন, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকেকে সরকার গঠনে সমর্থনের অনুমোদন দিয়েছে। দলীয় সূত্র বলছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই এ সমর্থনের পক্ষে ছিলেন। অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন, সিদ্ধান্তটি যেন কেন্দ্রীয় নেতৃত্ব নয়, তামিলনাড়ু কংগ্রেস কমিটি নেয়।

পরে ভার্চুয়াল বৈঠকে টিএনসিসিকে টিভিকের সরকার গঠনে সমর্থনের অনুমতি দেওয়া হয়। কংগ্রেসের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সম্ভাব্য মন্ত্রিসভায় তারা দুটি মন্ত্রণালয় পেতে পারে। এ বিষয়ে দলের নেতা গিরিশ চোদাঙ্কর ও প্রবীণ চক্রবর্তী টিভিকের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তবে সমর্থনের পাশাপাশি কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে। তারা চায়, টিভিকে যেন এনডিএ বা তাদের কোনো শরিক দলের সঙ্গে, বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে, কোনো ধরনের জোটে না যায়।

এদিকে সরকার গঠনের জন্য বিজয়কে আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের কাছে দাবি জানাতে হবে। এরপরই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন।

নির্বাচনে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিজয় বলেন, টিভিকের এ পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না। নানা সমালোচনা ও বাধা পেরিয়ে জনগণের সমর্থনেই তারা এগিয়ে এসেছে। তিনি এ বিজয়কে শুধু দলের নয়, গণতন্ত্রের জয় হিসেবেও উল্লেখ করেন এবং তামিলনাড়ুর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন