রাশিয়ার ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান, অল্পের জন্য রক্ষা

রাশিয়ার ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান, অল্পের জন্য রক্ষা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমানকে একটি ড্রোন প্রায় আঘাত করেছিল বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে। মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলোয় যাওয়ার পথে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।

নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে-কে স্টোরে বলেন, মলদোভা থেকে উড্ডয়নের সময় জেলেনস্কির বিমানটি প্রায় একটি ড্রোনের আঘাতের শিকার হয়েছিল। তিনি বলেন, ‘এটাই জেলেনস্কি যে বাস্তবতার মধ্যে বসবাস করছেন।’ তবে ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

বিজ্ঞাপন

মলদোভা সরকারের একজন মুখপাত্র পরে জানান, ড্রোন সতর্কতার কারণে দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। মলদোভার ভূখণ্ডে একটি রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর জেলেনস্কিকে বহনকারী বিমানটি উড্ডয়নের অনুমতি পায়।

মঙ্গলবার সন্ধ্যায় জেলেনস্কি অসলোয় পৌঁছান। সেখানে তিনি নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদে এবং অর্থমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সামরিক সহায়তা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সহায়তা এবং বেসামরিক সহায়তা নিয়ে আলোচনা হয়। পরে বুধবার তিনি নরওয়ের প্রয়াত রাজা হ্যারাল্ড পঞ্চমের শেষকৃত্যে অংশ নেন।

তবে জেলেনস্কির বিমান সরাসরি ঝুঁকিতে পড়েছিল—নরওয়ের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে কিছুটা ভিন্নভাবে ব্যাখ্যা করেছে ইউক্রেনীয় একটি সূত্র। ওই সূত্র ঘটনাটিকে ‘অতিরঞ্জিত’ বলে বর্ণনা করে। সূত্রটির ভাষ্য, মলদোভা ও রোমানিয়ার আকাশসীমায় একটি রুশ ড্রোন প্রবেশের কারণে সতর্কতা জারি হয়েছিল এবং এর ফলে মলদোভার রাজধানী চিসিনাউয়ের বিমানবন্দরের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে জেলেনস্কির বিমান সরাসরি বিপদের মুখে পড়েছিল—এমন দাবি অতিরঞ্জিত।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একটি রুশ ড্রোন প্রায় এক ঘণ্টা মলদোভা ও রোমানিয়ার আকাশসীমায় উড়েছিল। মলদোভা ও রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, একটি শাহেদ ড্রোন ইউক্রেন থেকে মলদোভার আকাশসীমায় প্রবেশ করে রোমানিয়ার ওপর দিয়ে উড়ে আবার মলদোভায় ফিরে আসে এবং পরে সেটি ভূপাতিত হয়।

তবে নরওয়ের প্রধানমন্ত্রী ও মলদোভা সরকারের মুখপাত্র যে ড্রোনটির কথা বলেছেন, সেটিই ওই ড্রোন কি না, তা নিশ্চিত নয়। জেলেনস্কি কিংবা ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ওই ড্রোনের ঘটনায় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। নরওয়ে সফর শেষে জেলেনস্কি কানাডার উদ্দেশে রওনা হন, সেখানে তিনি অটোয়ায় দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

উৎস: ডয়চে ভেলে ও এএফপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন