নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল, টিনের ঘর, আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার ভোররাতের দিকে পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং কলমাকান্দা ফায়ার সার্ভিসকে খবর দেন।
ভোরবেলা খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফুল আলমের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন—কামাল হোসেন, শরিফ, ফিরোজ, আব্দুস সাত্তার ও ফারুকসহ ৬টি দোকান ক্ষতিগ্রস্ত ।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতি নিরূপণ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

