ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পর আটক হয়েছেন ছাত্রনেত্রী নেহা বোরা। শুক্রবার সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের উদ্দেশ্যে যাওয়ার পথে তাকে আটক করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মান্ডি হাউস সার্কেল থেকে জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন নেহা। এ সময় তাকে আটক করা হয়। এর প্রায় এক ঘণ্টা আগে একই কর্মসূচিকে কেন্দ্র করে অভিজিৎ দীপককেও আটক করে দিল্লি পুলিশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন ককরোচ জনতা পার্টির তরুণ সমর্থকেরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দিয়েছেন জ্ঞানেশ কুমার।
আন্দোলনকারীদের দাবি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় ৭০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। তবে নির্বাচন শেষ হওয়ার পরপরই তাদের নাম আবার তালিকায় যুক্ত করা হয়।
শুক্রবার সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের কর্মসূচি নেওয়া হয়েছিল মূলত দলের দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে। এর আগে যন্তরমন্তরে পতাকা উত্তোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তারা। পরে তাদের রিমান্ডেও নেওয়া হয়।
গত ১০ অক্টোবর যন্তরমন্তরে সমাবেশের ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে ওই দিন পুলিশ কাউকে সেখানে প্রবেশ করতে দেয়নি। এ সময় অভিজিৎ, আশুতোষ ও সৌরভকেও আটক করা হয়। পরদিন তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।
এরপর ১৩ অক্টোবর আবার যন্তরমন্তরে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন আশুতোষ ও সৌরভ। ওই সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের গ্রেপ্তারের প্রতিবাদেই শুক্রবার সেন্ট্রাল পার্কে নতুন কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। তবে কর্মসূচি শুরুর আগেই দলের প্রতিষ্ঠাতা ও ছাত্রনেত্রীকে আটকের ঘটনা ঘটল।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


