মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাভনীত সিং বিট্টু

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাভনীত সিং বিট্টু
রাভনীত সিং বিট্টু। ফাইল ছবি

ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। গত জুন মাসেই তার রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে মেয়াদে সমাপ্তি ঘটেছিল।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিট্টু। আম আদমি পার্টি (আপ) শাসিত সীমান্তবর্তী এই রাজ্যে বিজেপির রাজনৈতিক ক্ষেত্র তৈরি ও শক্ত অবস্থান গড়ে তোলার কাজ তিনি নিবিড়ভাবে পরিচালনা করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিট্টু লেখেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরো উল্লেখ করেন, ‘ভারতের এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করা বিরাট সৌভাগ্যের বিষয় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। নতুন উদ্যমে আমার জনসেবার যাত্রা অব্যাহত থাকবে।’

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এরপর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। পরবর্তীতে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে দেওয়া রাজস্থানের রাজ্যসভা আসনে বিট্টুকে অবশিষ্ট মেয়াদের জন্য মনোনীত করেছিল বিজেপি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন