আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনে সীমান্তে বেড়া নির্মাণ হবে’

আমার দেশ অনলাইন

‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনে সীমান্তে বেড়া নির্মাণ হবে’
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এ বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ৫০ ভোট পেয়ে জয়লাভ করবে। আর রাজ্যে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সীমান্ত বেড়া নির্মাণের কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। শনিবার শিলিগুড়ির বাগডোগরায় এক কর্মী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর দ্য ইকনোমিকস টাইমসের।

২০২৬ সালকে ‘পরিবর্তনের বছর’ হিসেবে অভিহিত করে শাহ বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি ‘সোনার বাংলা’ গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সীমান্ত বেড়া দেওয়ার জমি দিচ্ছে না। তিনি দাবি করেন, এপ্রিলে নির্বাচনের ফলাফল বেরোনোর পর বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন এবং ঝুলে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন। তার কথায়, মমতা দিদির সময় শেষ। বিজেপি সরকার এলে শুধু অনুপ্রবেশ বন্ধই হবে না, বরং প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়িত করা হবে।

অনুপ্রবেশকে পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে জাতীয় নিরাপত্তার সংকট হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদাহরণ হিসেবে তিনি আসাম, রাজস্থান ও গুজরাটের প্রসঙ্গ টেনে বলেন, ওই রাজ্যগুলোতে বিজেপি সরকার থাকায় অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ হয়েছে। একই চিত্র তিনি পশ্চিমবঙ্গেও দেখতে চান বলে জানান।

নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়েও সরব হন শাহ। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কর্মকর্তারা ভোটার তালিকা শুদ্ধিকরণে কমিশনকে সহযোগিতা করছেন না। তবে বিজেপি এই প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে একটি ‘পবিত্র ভোটা’র তালিকা নিশ্চিত করবে বলে তিনি জানান।

পাশাপাশি উত্তরবঙ্গের চা শ্রমিকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আসামে বিজেপি সরকার যেমন চা শ্রমিকদের জমির অধিকার দিয়েছে, বাংলাতেও ক্ষমতায় এলে সেই একই পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন