৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারে আরো ১৮৪ জনকে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১৯ জনকে সহকারী ডেন্টাল সার্জন এবং ১৬৫ জনকে সহকারী সার্জন পদে নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৮৪ জন প্রার্থীকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পাশাপাশি চাকরি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত বিশেষ ধরনের প্রশিক্ষণও গ্রহণ করতে হবে। নিয়োগের পর দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজন হলে সরকার এ শিক্ষানবিশকাল আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। তবে শিক্ষানবিশকালে কর্মদক্ষতা সন্তোষজনক না হলে চাকরি থেকে অপসারণের বিধান রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিতে হবে। বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের জন্য অঙ্গীকার করলে নিয়োগ বাতিল হবে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী সম্পদের বিবরণীসহ প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে চাকরিতে যোগদানে অনিচ্ছুক হিসেবে গণ্য করে নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


