প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বললেন

ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সরকার নিরলস চেষ্টা করছে

ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সরকার নিরলস চেষ্টা করছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি বিগত সরকারের ১৭ বছরের ভুল জ্বালানি নীতি, অপরিকল্পিত প্রকল্প এবং ব্যাপক লুটপাটের কারণে দেশ আজ এক ভঙ্গুর অর্থনীতির মুখোমুখি। নির্বাচিত হয়ে সরকার সেই সংকট স্বয়ংক্রিয়ভাবে পেয়েছে। তা থেকে বেরিয়ে আসতে নিরলস কঠোর পরিশ্রমের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দৈনিক জনতা পত্রিকার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ এবং সংবাদপত্রের সঙ্গে যুক্ত সব পক্ষের স্বার্থ রক্ষা করতে সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে। রাষ্ট্র মেরামতের যে লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কাজ করছে, তা সুনির্দিষ্টভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতার প্রধান কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করে জবাবদিহি নিশ্চিত করা। একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার ঐ প্রশ্নকে স্বাগত জানায়। যত বেশি প্রশ্ন করা হবে, সরকার তত বেশি জবাবদিহিতার মাধ্যমে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা ও কাজ পরিষ্কার করতে পারবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, সংবাদপত্রের মালিক পক্ষ যাতে নিরাপদে বিনিয়োগ করতে পারে এবং সেই বিনিয়োগ লাভজনক প্রক্রিয়ায় যেতে পারে, সে জন্য সরকার পলিসি সাপোর্ট বা নীতিগত সহায়তা প্রদান করবে। পাশাপাশি সম্পাদক, সাংবাদিক ও ছাপাখানার কর্মীসহ গণমাধ্যম শিল্পের সঙ্গে যুক্ত সবার স্বার্থ নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

দৈনিক জনতার সম্পাদক মন্ডলীর সভাপতি সৈয়দ এম আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সম্পাদক ওবায়দুর রহমান শাহীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, সাবেক সভাপতি বুলবুল আহমদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন