নির্বাচনি বৈতরণী পার হতে ইরানের হামলার ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু

নির্বাচনি বৈতরণী পার হতে ইরানের হামলার ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু

ইসরাইলের আসন্ন নির্বাচনে জনমত জরিপে পিছিয়ে পড়ার মুখে ইরানকে ঘিরে ক্রমেই আতঙ্ক ছড়ানো বক্তব্য দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে ইসরাইলি সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করেছেন বলেও খবর প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

আগামী মঙ্গলবারের হাড্ডাহাড্ডি নির্বাচনের আগে নেতানিয়াহু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তেল আবিব ধ্বংসকারী পারমাণবিক বিস্ফোরণের মাশরুম মেঘের একটি ছবি প্রকাশ করেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, তাকে ভোট না দিলে দেশ পারমাণবিক ধ্বংসের ঝুঁকিতে পড়তে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যারা নিজেদের অস্তিত্ব, পরিবার ও প্রিয়জনদের নিয়ে চিন্তা করেন, বিরোধীদের ভোট দেওয়ার আগে তাদের হাত কাঁপা উচিত।’

ছবি: দ্য গার্ডিয়ান।
ছবি: দ্য গার্ডিয়ান।

ইসরাইলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু ও দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে সেনাবাহিনীকে দেওয়া একটি নির্দেশনা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ওই নির্দেশনার কারণে সংবেদনশীল সময়ে ইরানের ভুল হিসাব-নিকাশ থেকে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নির্দেশনার বিস্তারিত উল্লেখ না করে জামির সেটি লিখিতভাবে তার কাছে উপস্থাপনের অনুরোধ জানিয়েছিলেন। তবে নেতানিয়াহু এ খবর অস্বীকার করেন। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কোনো পরিকল্পনা থাকার কথা অস্বীকার করে।

তবে সোমবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু। এর আগে ফিন্যান্সিয়াল টাইমসেও একই ধরনের খবর প্রকাশিত হয়েছিল। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন ট্রাম্প।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার এক বিবৃতিতে সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো সরাসরি অস্বীকার করেনি। তারা শুধু বলেছে, বাহিনীর সিদ্ধান্তগুলো একান্তভাবে নিরাপত্তা, পেশাগত, বস্তুনিষ্ঠ ও জাতীয় বিবেচনার ভিত্তিতে নেওয়া হয়।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর গত বছর ও চলতি বসন্তে নেতানিয়াহু যে বিজয়ী মনোভাব প্রকাশ করেছিলেন, বর্তমানের তার বক্তব্য তার সঙ্গে স্পষ্টতই ভিন্ন। গত মার্চে তিনি দাবি করেছিলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস হয়েছে। ২০২৫ সালে ইরানের বিরুদ্ধে অর্জিত সাফল্যকে তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে এমন ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবেও বর্ণনা করেছিলেন।

নেতানিয়াহুর সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট সেনাপ্রধান জামিরের প্রতি আস্থা প্রকাশ করেছেন। অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, ‘নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার অভিযানে আইডিএফকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন