উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোকে নিজেদের দায়িত্ব নিতে হবে এবং ইরানকে অন্তর্ভুক্ত না করে কোনো নিরাপত্তা কাঠামো কার্যকর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা কাঠামো থেকে ইরানকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে পুরো অঞ্চলের ওপর।
আল-বুসাইদি বলেন, ‘ইরানকে অন্তর্ভুক্ত না করে গড়ে তোলা যেকোনো উপসাগরীয় নিরাপত্তা কাঠামো স্বভাবগতভাবেই অস্থিতিশীল ও কাঠামোগতভাবে দুর্বল।’
তিনি আরও বলেন, ‘পরিশেষে, উপসাগরীয় অঞ্চলে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়নের দায়িত্ব আমাদেরই নিতে হবে।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর ঠিক আগে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে প্রথম দফার আলোচনা হয়েছিল। তখনই দুই দেশের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছিল বলে ওমান মনে করে।
আল-বুসাইদি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাইরের দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব যেন সামরিক প্রতিশ্রুতির পরিবর্তে অর্থনৈতিক সহযোগিতার রূপ নেয়, সেটিই তাঁদের প্রত্যাশা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

