পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় ধরনের সাফল্যের পর রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৪ মে) ভোট গণনার প্রবণতায় বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে থাকার প্রেক্ষাপটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রতিক্রিয়া জানান।
নিজের বার্তায় মোদি বলেন, পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ প্রতীকের জয় হয়েছে এবং ২০২৬ সালের এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি এটিকে জনগণের শক্তির বিজয় এবং উন্নয়নমুখী রাজনীতির জয় হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের এই আস্থার প্রতিদান দিতে বিজেপি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
প্রধানমন্ত্রী আরও আশ্বাস দেন, ক্ষমতায় এলে এমন একটি সরকার গঠন করা হবে যা সমাজের সব স্তরের মানুষের সম্মান ও সুযোগ নিশ্চিত করবে এবং তাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে।
এদিকে, ফলাফলের ধারাবাহিকতায় রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবার পরাজয়ের মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এককভাবে ২০৫টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতার সীমা ১৪৮ ছাড়িয়ে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রায় ৮২টি আসনে সীমাবদ্ধ রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে বিপুল সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছিল। এই প্রেক্ষাপটেই শাসক দলের বড় ধাক্কা রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। বিরোধী শিবিরে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছেন শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূলের ঘনিষ্ঠ ছিলেন এবং বর্তমানে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে বিজেপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



মোদি বললেন, পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে