পুকুর থেকে লাশ উদ্ধার

বাকেরগঞ্জে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা

বাকেরগঞ্জে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা
অভিযুক্ত হত্যাকারী রিগান হাওলাদার। ছবি: আমার দেশ

বরিশালের বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত সুমন সিকদার (৩৮) কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে এবং পেশায় ভ্যানচালক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযুক্ত রিগান হাওলাদার, সুমন সিকদার ও মনা তালুকদার পলাতক রয়েছেন। রিগান ওই এলাকার রফিক হাওলাদারের পুত্র। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। সুমন সিকদার ওই এলাকার বাবুল সিকদারের পুত্র এবং মনা তালুকদার অবসরপ্রাপ্ত পুলিশ।

বিজ্ঞাপন

নিহত সুমনের মা মনোয়ারা বেগম জানান, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত রিগানের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে তার ছেলে সুমনের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে তর্কাতর্কি ও মারামারি হয়। একপর্যায়ে রিগান ও তার সমর্থক মনা তালুকদার, সুমন সিকদারসহ ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমন শিকদারের মাথায়, হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপায়। সুমনের মৃত্যু হয়েছে নিশ্চিত মনে করে হত্যাকারীরা তাকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফেলে চলে যায়।

থানা পুলিশ খবর পেয়ে সুমনকে পুকুর থেকে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আদিল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তদন্ত ছাড়া বলা যাবে না।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন