গণভোটের গণরায় কার্যকর করা ও জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের দাবিতে বগুড়ায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার বিকেলে শহরের সাতমাথার খোকন পার্কে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির আল্লামা মামুনুল হক বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া ‘হ্যাঁ’ রায়কে উপেক্ষা করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, গত ১২ ফেব্রুয়ারি একই তফসিলে ও একই নির্বাচন কমিশনের অধীনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসে সরকার যদি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বাঞ্চাল করার চেষ্টা করে, তবে তা জনগণের সঙ্গে প্রতারণা। গণভোটের ফলাফলকে অবৈধ বললে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।
সংবিধানে সাধারণ সংশোধনের পরিবর্তে আমূল সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, অতীতে সংবিধানে ১৭ বার সংশোধন আনা হলেও পরবর্তীতে সরকার বা আদালতের সিদ্ধান্তে তা টিকেনি। তাই সংবিধানে ‘আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস’ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে প্রতিস্থাপন করতে হবে, যেন ভবিষ্যতে কোনো সরকার বা আদালত তা বাতিল করতে না পারে।
সরকারের ভুল শুধরে দেওয়াকে রাজনৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি খলিফা ওমর (রা.)-এর ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতৃভূমি বগুড়ায় দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কথা উল্লেখ করে মামুনুল হক বলেন, আগামী দিনের সরকারকে ফ্যাসিবাদমুক্ত রাখতেই জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন। এ সময় তিনি ইসলামপন্থী দলগুলোর মধ্যে পারস্পরিক বিভেদ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সেক্রেটারি মুফতি মামুন রহমানী। বাদ জুমা অনুষ্ঠিত সমাবেশ থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসনসহ সর্বস্তরের জনগণের সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-51fed7-720x405.webp)