বাসের নিচে চাপা পড়া শিক্ষার্থীর লাশ তিন দিন পর উদ্ধার

বাসের নিচে চাপা পড়া শিক্ষার্থীর লাশ তিন দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে খাদে পড়া বাসের নিচ থেকে তিন দিন পর এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পাইকহাটি এলাকার খাদে লাশটি ভেসে ওঠে।

বিজ্ঞাপন

ওই শিক্ষার্থীর নাম হাফিজুর রহমান (২৮)। তিনি কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে এবং বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টারের (ফাইনাল বর্ষ) শিক্ষার্থী । দুর্ঘটনার দিন তিনি ফাইনাল পরীক্ষা দিতে ফরিদপুরে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার পাইকহাটি এলাকায় বিদ্যুতের সাব-স্টেশনের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অন্তত ২০ জন আহত হন।

ঘটনার পরদিন বাসটি ক্রেন দিয়ে উদ্ধার করে থানায় নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তখন কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

তবে বুধবার সকালে দুর্ঘটনাকবলিত বাসটি যেখানে পড়ে ছিল, সেই খাদে এক কৃষক লাশটি ভাসতে দেখেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। স্বজনেরা লাশটি হাফিজুর রহমানের বলে শনাক্ত করেন।

তার চাচা মোশারেফ মোল্যা বলেন, ‘আমার ভাতিজা সোমবার সকালে বাড়ি থেকে পরীক্ষা দিতে বের হয়েছিল। এরপর আর বাড়িতে ফেরেনি।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘সোমবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, হাফিজুর রহমান বাসের নিচে পানিতে চাপা পড়েছিলেন।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন