ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও স্পষ্ট করেছেন যে তিনি পদত্যাগ করবেন না। বুধবার (৬ মে) নিজের দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “আমি পদত্যাগ করব না। আমাকে বরখাস্ত করা হোক—আমি চাই এই দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক।”
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাগুলোর বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণাও দেন তিনি। এর আগে, ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পরও তিনি একই অবস্থান নেন এবং দাবি করেন যে বিজেপি কারচুপির মাধ্যমে জয়লাভ করেছে।
সাধারণত নির্বাচনের পর মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। তবে মমতার পদত্যাগে অস্বীকৃতির কারণে একটি সাংবিধানিক জটিলতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে বরখাস্ত করা বা রাষ্ট্রপতির শাসন জারির সম্ভাবনাও আলোচনায় এসেছে।
অন্যদিকে, নির্বাচন শেষে পশ্চিমবঙ্গে সহিংসতার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিজেপি সমর্থকরা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িঘর ও অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে। কলকাতার নিউমার্কেট এলাকাতেও কয়েকটি মাংসের দোকানে হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। দলটির দাবি, তাদের কর্মীরা এসব সহিংসতার সঙ্গে জড়িত নয়। বরং তৃণমূল কংগ্রেসের লোকজনই বিজেপির ছদ্মবেশে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।
বিজেপির এক বিবৃতিতে বলা হয়েছে, তৃণমূলের তথাকথিত ‘গুন্ডাবাহিনী’ সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং অস্থিরতা তৈরির উদ্দেশ্যে বিজেপির পরিচয় ব্যবহার করছে। দলটি আরও জানিয়েছে, এ ধরনের প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


