ফিফা নিষেধাজ্ঞামুক্ত হয়েই দল গঠনে মনোযোগ দিয়েছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমে আধিপত্য ধরে রাখতে তারকা ফুটবলারদের দলে নিচ্ছে ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা। এরই মধ্যে নেপাল জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত চাঁদ এবং দুই উইঙ্গার মানিশ দাঙ্গি ও অঞ্জন বিস্তাকে দলে নিয়েছে কিংস। এছাড়া ‘ভুটানের রোনালদো’ খ্যাত চেনচো জিয়েলশেনও কিংসে যোগ দিয়েছেন। সাফ অঞ্চলের ফুটবলারদের স্থানীয় বা দেশি কোটায় খেলানোর নতুন নিয়মের সুবিধা নিচ্ছে কিংস। ফলে এই চার ফুটবলারকে বিদেশি কোটা ছাড়াই ব্যবহার করতে পারবে তারা। দেশি খেলোয়াড়দের দিকেও বেশি আগ্রহ কিংসের। ঢাকা আবাহনী থেকে জাতীয় দলের মিডফিল্ডার কাজেম শাহকে দলে নিয়েছে তারা। লিগ শিরোপা ধরে রাখতে শক্তিশালী দল নিয়েই নতুন মৌসুম শুরু করতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ১৪টি অভিযোগ জমা পড়েছিল ফিফায়। এর মধ্যে ১১টি আগেই সমাধান করেছিল ক্লাব কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাতে বাকি তিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেয় ফিফা। বিশ্ব ফুটবল সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটেও বিষয়টি হালনাগাদ করা হয়েছে। ফলে নতুন মৌসুমের দলবদল ও ক্লাব লাইসেন্সিংয়ে অংশ নিতে আর কোনো বাধা নেই কিংসের। তাই নিষেধাজ্ঞা না কাটতেই দল গোছানোর দিকেই নজর দিয়েছে তারা। কেননা তাদের হাতে বেশি সময় নেই। আগামী ৩ সেপ্টেম্বর শেষ হবে ঘরোয়া ফুটবলের দল বদলের সময়সীমা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

