কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত ড. মনমোহন সিংকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত ড. মনমোহন সিংকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট
ছবি: সংগৃহীত।

মৃত্যুর দেড় বছর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে কয়লা কেলেঙ্কারি মামলা থেকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট। বুধবার তার বিরুদ্ধে চলা কয়লা কেলেঙ্কারি মামলার ক্লোজার ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন

ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন ওড়িশায় কয়লাখনির বণ্টনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ওঠে। সেই সময় কয়লা মন্ত্রণালয় ছিল মনমোহন সিংয়ের হাতে। এই মামলায় তৎকালীন কয়লাসচিবের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

সিবিআই প্রধানমন্ত্রীর সচিবালয়ের কর্তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও মনমোহনকে জিজ্ঞাসাবাদ করেনি বলে অভিযোগ। এই নিয়ে আদালতেও প্রশ্ন ওঠে।

অভিযোগের প্রথম থেকেই খারিজ করে এসেছিলেন ড. মনমোহন সিং। ২০১৫ সালে কয়লা কেলেঙ্কারি মামলায় মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য আদালতে জমা দিয়েছিল সিবিআই। ক্রমে এই মামলা সুপ্রিম কোর্টে যায়। ২০২৪ সালে তার মৃত্যু হয়।

বুধবার শীর্ষ আদালত জানিয়েছে, ট্রায়াল কোর্টের কাছে সিবিআই-এর দাখিল করা ক্লোজার রিপোর্টকে প্রত্যাখ্যান করে মামলাটি আমলে নেওয়ার মতো কোনো শক্ত ভিত্তি ছিল না।

আইন-সংক্রান্ত ওয়েবসাইট ‘লাইভ ল’-এর তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ ২০১৫ সালে ট্রায়াল কোর্ট দ্বারা জারি শমনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মনমোহন সিংয়ের আবেদন গ্রহণ করার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ সামাজিক মাধ্যম এক্স-এ আদালতের সিদ্ধান্তের বিষয়টি শেয়ার করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন