ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে মন্তব্যসংবলিত ইমেইল পাঠানোর অভিযোগে দায়ের করা মামলায় প্রায় আড়াই বছর কারাগারে থাকার পর অবশেষে জামিন পেয়েছেন মোবারক আলী। এলাহাবাদ হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিচারপতি কৃষ্ণ পাহাল মামলাটিতে আলীর জামিন মঞ্জুর করেন।
প্রসিকিউশনের অভিযোগ, পুলিশের অভিযোগকারী জান্নাতুন্নিশার সঙ্গে নিজের একটি মামলা মীমাংসা করার উদ্দেশ্যে আলী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ই-মেইল পাঠিয়েছিলেন।
তবে আলীর আইনজীবী আদালতে দাবি করেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে আগে মাত্র একটি মামলা ছিল বলেও আদালতকে জানানো হয়। আসামিপক্ষ আরো জানায়, ২০২৪ সালের ২০ মার্চ থেকে আলী কারাগারে রয়েছেন। কিন্তু মামলার বিচার কার্যক্রম অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।
এর আগে বিচারপ্রক্রিয়ার অগ্রগতি জানতে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিলেন হাইকোর্ট। চার্জশিট অনুযায়ী, ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত মামলায় মাত্র চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে, অথচ আরো ২৬ জনের সাক্ষ্যগ্রহণ বাকি ছিল।
দীর্ঘ সময় কারাবন্দি থাকা এবং বিচারপ্রক্রিয়ার ধীরগতির বিষয়টি বিবেচনায় নেয় আদালত। হাইকোর্ট পর্যবেক্ষণ করেন, কোনো মামলায় জামিনের অন্যান্য শর্ত পূরণ হলে শুধু আসামির অপরাধের পূর্ব ইতিহাসের কারণে তাকে কারাগারে আটকে রাখা যায় না। আদালত আরো বলেন, আলীর অপরাধের পূর্ব ইতিহাসের বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা করা হয়েছে।
আলীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১৫৩এ, ২৯৫এ, ৫০৫(২), ৫০৪, ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১২০-বি ধারার পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারায় মামলা করা হয়েছিল।
জামিন দেওয়ার সময় আদালত মামলার তথ্য, উভয় পক্ষের বক্তব্য, নথিতে থাকা প্রমাণ, আলীর কারাবাসের সময়কাল এবং বিচারপ্রক্রিয়ার অগ্রগতি বিবেচনা করেন। তবে আদালত স্পষ্ট করে দিয়েছেন, মামলার মূল অভিযোগের সত্যতা বা প্রমাণের বিষয়ে কোনো মতামত দেওয়া হচ্ছে না। জামিনের সময় আদালতের পর্যবেক্ষণ বিচারিক আদালতে প্রমাণ মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের দুটি জামিনদার দেওয়ার পর আলীকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে প্রমাণ নষ্ট বা প্রভাবিত না করা, সাক্ষীদের ভয়ভীতি না দেখানো এবং প্রয়োজন অনুযায়ী বিচারিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জামিনের শর্ত লঙ্ঘন করলে জামিন বাতিল হতে পারে।
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা বা তাকে নিয়ে আপত্তিকর বক্তব্যের অভিযোগে পুলিশের ব্যবস্থা নেওয়ার একাধিক ঘটনাও সামনে এসেছে।
সূত্র: মাকতুব মিডিয়া
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-7ec204-720x405.webp)