ভারতের কেরালায় টানা ভারি বৃষ্টি, ভূমিধস ও বন্যায় অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন। আরো আটজন এখনো নিখোঁজ রয়েছে। রোববার কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান এ তথ্য জানান। বৃষ্টি ও বন্যায় রাজ্যের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
এক বিবৃতিতে সতীশান আরো বলেন, ২৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯৬টি বাড়ি । রাজ্যজুড়ে স্থাপিত ২০৯টি ত্রাণশিবিরে সরিয়ে নেওয়া হয়েছে ৫ হাজার ৭৯২ জনকে।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ১২টি জেলার জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে।
কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, শনিবার রাজ্যের কিছু অংশে ৩২০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যার ফলে রাস্তাঘাট ও নিচু এলাকাগুলোতে জমেছে পানি। কান্নুর জেলার আইয়ানকুন্নুতে সর্বোচ্চ ৩২০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অন্যদিকে উত্তর কেরালার অন্যান্য অনেক জায়গায় শনিবার ভোররাত ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত ৯০ মিমি থেকে ১৮০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


