পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু
ছবি: আমার দেশ

জীবন-জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও কাজের সন্ধানে ফেনীর পরশুরামে এসে শুকুর আলী মোড়ল (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পরশুরাম স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।

‎মৃত শুকুর আলী নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার গুজিরকোনা গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে।

বিজ্ঞাপন

‎শুকুর আলীর প্রতিবেশী সাদেক মিয়া জানান, পরিবারের সদস্যদের রেখে জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ দিন আগে কাজের জন্য পরশুরামে আসেন শুকুর আলী। শুক্রবার রাতে স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে বসে চা পান করেন। পরে দোকানে থাকা একটি চেয়ারে ঘুমিয়ে পড়েন।

কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দেখা যায়, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলেও জানান সাদেক মিয়া।

‎স্থানীয়রা জানান, মৃত্যুর পর তার সঙ্গে কাজে আসা কয়েকজন শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় শুকুর আলীর মরদেহ স্টেশন রোড এলাকার মসজিদে নিয়ে রাখা হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। লাশ স্বজনদের কাছে পৌঁছে দিতে স্থানীয়রা অর্থ সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেন।

‎পরশুরাম থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তার মরদেহ বাড়িতে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

‎বৃদ্ধ বয়সে জীবিকার তাগিদে বাড়ি থেকে দূরে এসে শুকুর আলীর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

এমএইচ‎

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন