২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ফটকে ব্যানারটি লাগানো হয়।
ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং ২১ আগস্টের হামলার বিভিন্ন মুহূর্তের ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারের একাংশে বড় অক্ষরে ‘ভয়াল ২১ আগস্ট’ লেখা রয়েছে। আরও লেখা হয়েছে, 'মৃত্যুকে জয় করে এগিয়ে চলা! হে জননেত্রী, সারা দেশ-জাতির রক্ষায় তোমার সহযাত্রী।'
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিক হোসাইন মুসার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ গেটে ব্যানারটি টানানো হয়।
ব্যানার স্থাপনের বিষয়ে মুসা বলেন, ‘‘২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় রাজপথে ছিল, সামনের দিনগুলোতেও থাকবে।’’
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর অধ্যাপক আজম খান বলেন, ‘‘আমি বিষয়টা সম্পর্কে জানতাম না। তবে নিষিদ্ধ সংগঠন এভাবে পরিবেশ কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এ বিষয়ে সর্তক থাকবো এবং তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’’
উল্লেখ, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেকে হতাহত হন। প্রতিবছর ২১ আগস্ট দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

