ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান: প্রধানমন্ত্রী

দেশে ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষায় সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বৈঠকের বিষয়ে উপ-প্রেস সচিব বলেন, সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি এবং এই পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে এ কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের বিষয়ে মানুষকে আরও সচেতন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মশার প্রজননস্থল যাতে তৈরি না হয়, সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনগণকে যুক্ত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বলা হয়েছে।

বৈঠকে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী পর্যাপ্ত মজুদ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান হাসান শিপলু। আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে যাতে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়, সে লক্ষ্যেই হাসপাতালে ভর্তি রোগীদের জন্য মশারি সরবরাহের বিষয়টি গুরুত্ব পায়।

হাসান শিপলু বলেন, বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘মাঠে এর প্রতিফলন থাকা চাই।’

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন