ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। শিশুটির পরিচয় নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতুহল তুঙ্গে উঠলেও বিষয়টি নিয়ে আপাতত রহস্য বজায় রেখেছেন এই অভিনেত্রী।
সোমবার সকালে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে দেখা যায়, গাড়িতে বসে সানগ্লাস পরে পরিপাটি সাজের পরীমনির কোলে ঘুমিয়ে আছে এক ফুটফুটে সদ্যোজাত শিশু। ছবির ক্যাপশনে তিনি লেখেন— ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’
এমন ছবি ও ক্যাপশন দেখে নেটিজেনদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে— তবে কি আবারও মা হলেন পরীমনি? নাকি নতুন কোনো শিশুকে নিজের পরিবারে দত্তক হিসেবে যুক্ত করলেন? পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন কৌতুহল নিয়ে প্রশ্ন করেন, ‘আর কয়টা নিবেন?’ জবাবে রসিকতা করে পরীমনি লেখেন, ‘৯৭ ইনশাল্লাহ।’
শিশুদের প্রতি পরীমনির বিশেষ ভালোবাসার কথা সবারই জানা। এর আগেও তিনি একাধিকবার প্রকাশ্যেই অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এমনকি ১০০ সন্তানের জননী হতে চাওয়ার কথা জানিয়েছিলেন। ফলে নতুন এই ছবি দেখে অনেকেরই ধারণা, তিনি হয়তো আরও এক শিশুকে নিজের পরিবারে স্বাগতম জানিয়েছেন।
উল্লেখ্য, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাদের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই বড় করছেন পরীমনি। পরবর্তীতে সাফিরা সুলতানা প্রিয়ম নামের একটি কন্যাশিশুকে দত্তক নেন তিনি। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই কাটছে এই অভিনেত্রীর জীবন।
তবে নতুন ছবিতে ‘তিন নম্বর জন’ বলতে পরীমনি কাকে বুঝিয়েছেন কিংবা এই শিশুর পরিচয় কী— তা নিয়ে মুখ খুলেননি তিনি। ফলে রহস্যময় এই এক ছবি ও ছোট্ট ক্যাপশনকে ঘিরেই এখন শোবিজ অঙ্গনে চলছে নানা আলোচনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

