১৫ কোটি টাকার গাঁজাসহ ভারতীয় মডেল গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

১৫ কোটি টাকার গাঁজাসহ ভারতীয় মডেল গ্রেপ্তার

ভারতের মুম্বাই বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক মডেলকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে জেল হেফাজতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম হর্ষা সানি (২৮)। তিনি ‘মিসেস কেরালা ২০২৫’ প্রতিযোগিতার সাবেক একজন প্রতিযোগী বলে জানা গেছে।

কাস্টমস সূত্রে জানা যায়, ১০ ও ১১ জুন মধ্যরাতে ব্যাংকক থেকে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষা সানি। বিমানবন্দরে নিয়মিত নজরদারির সময় তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারা তাকে থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে তার ট্রলি ব্যাগ থেকে ভ্যাকুয়াম-সিল করা ১২টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে সবুজ রঙের একটি পদার্থ পাওয়া যায়। ঘটনাস্থলেই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে সেগুলো উচ্চমানের ‘হাইড্রোপনিক মারিজুয়ানা’ বা গাঁজা।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ১১ কেজির বেশি এবং এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৮২ লাখ রুপি যা বাংলাদেশি টাকায় ১৫ কোটি ২৮ লাখ টাকারও বেশি।

ঘটনার পর এনডিপিএস আইনের আওতায় হর্ষা সানিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফোর্ট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

কাস্টমস বিভাগ জানিয়েছে, এই মাদকের চালানটি মুম্বাই কিংবা ভারতের অন্য কোনো অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও অনুসন্ধান করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...